কৃষককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের বিরামপুর সীমান্তে গুলি চালিয়ে হত্যার পর এক কৃষকের লাশ নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষীরা।
সোমবার সকাল ১০টার দিকে বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের কর্মকর্তা মেজর এসএম রবিউল ইসলাম।
নিহতের নাম নজরুল ইসলাম (২৮)। গুলিতে তার এক সঙ্গী আহত হয়েছেন। আহত সাহেদুর রহমানকে (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নিজের জমিতে নজরুলসহ কয়েকজন কৃষক কাজ করার সময় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে নজরুল ঘটনাস্থলেই নিহত হয়।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেজর রবিউল বলেন, “বাংলাদেশের অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের ৯৬ বিএসএফের বংশী সীমান্ত ক্যাম্পের সদস্যরা বিনা উষ্কানিতে এই গুলি চালায়। বিএসএফ নজরুলের লাশ নিয়ে গেছে।”
বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।
চারজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নাগরভিটা সীমান্ত থেকে চার বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন নাগরভিটা বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহজাহান আলী।
তারা হলেন-আব্দুল মজিদ (৩৫), সরাজ উদ্দীন (৩২), জাফর উল্লাহ (৩৯) ও সমীর উদ্দীন (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের নাগরভিটা ও বাদামবাড়ি এলাকায়।
চার জনই গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন।
চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোরে ওই চার জন সীমান্তের মেইন পিলার এলাকা দিয়ে ওপারে যায়। এসময় কুকরাভিটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে বিএসএফের কুকরাভিটা ক্যাম্পে প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কমান্ডার শাহজাহান।
