২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-টেম্পুতে আগুন

বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামে একটি সবজিবোঝাই ট্রাক ও টেম্পুতে আগুন দেওয়াসহ একটি মিনিবাস ভাংচুর হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার সকালে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ও নগরীর ষোলশহর এলাকায় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

হাটহাজারী থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, সকালে ফতেয়াবাদে শহর থেকে রাউজানগামী সবজিবোঝাই মিনি ট্রাকের চালককে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।

এসময় তারা ওই এলাকা দিয়ে যাওয়া একটি মিনিবাসেও ঢিল ছুড়ে। এতে বাসটির কাচ ভেঙে যায় এবং ঢিলের আঘাতে মিনিবাসে থাকা দুই/তিন জন যাত্রী আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এদিকে ষোলশহর বেবী সুপার মার্কেটের সামনে একটি টেম্পুতে পেট্রোল ঢেলে আগুন দেয় হরতাল সমর্থকরা।

খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে নাশকতাকারীরা পালিয়ে যায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানান পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

এছাড়া নগরীর আর কোথায় গোলযোগের খবর পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

অবরোধ-হরতাল ঘিরে নগরীতে বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের নেতা-কর্মীদের আর কোনো তৎপরতা দেখা যায়নি।

নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে যায়নি কোনো নেতা-কর্মী। সেখানে অবস্থান নিয়ে আছে পুলিশ।  

নিরাপত্তার কারণে দূরপাল্লার বাহন বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ রুটের ব্যাস্ততা বাড়ছে।

তবে, নাশকতাকারীরা রেল লাইন উপড়ে ফেলার কারণে মিরসরাইয়ের বরতাকিয়া এলাকায় বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ চলছে স্বাভাবিকভাবেই।