দুবাই ফেরত ফ্লাইটে ৬০ কেজি সোনা
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৬০ কেজি সোনা পাওয়া গেছে। এই সোনা চোরাচালানে বিমানকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ এনবিআর চেয়ারম্যানের।
সংযুক্ত আরব আমিরাত থেকে সোমবার সকালে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে আসার পর ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সোনা পাওয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
এরপর দুপুর পর্যন্ত ওই বিমানে তল্লাশির পর রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, মোট ৬০ কেজির মতো সোনা পাওয়া যায় উড়োজাহাজটিতে।
বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে মইনুল খান জানান।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মো. জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানের একটি টয়লেটের আয়নার পেছনে লুকানো অবস্থায় কিছু সোনার বার পাওয়া যায়। বাকি বারগুলো পাওয়া যায় কমোডের কাছে একটি পাইপের ভেতরে সুতো দিয়ে ঝুলানো অবস্থায়।
বিমানে প্রায় তিন ঘণ্টা অভিযান চালানো হলেও ওই টয়লেট ছাড়া আর কোথাও সোনা মেলেনি বলে জানান তিনি।
মইনুল খান জানান, ওই টয়লেট থেকে মোট ৪৮৫টি সোনার বার পাওয়া গেছে। এর মধ্যে চারটি বার এক কেজি ওজনের, বাকিগুলো ১০ গ্রাম ওজনের। এছাড়া কিছু অলঙ্কারও পাওয়া গেছে।
গত দুই বছরে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চোরাই সোনার অনেকগুলো চালান ধরা পড়ে। এর সঙ্গে বিমান কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হয়েছেন বিমানের এক ডিজিএমও।
৬০ কেজি সোনা চোরাচালানের সঙ্গেও বিমানের কারও না কারও যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, “বিমানটি ঢাকায় আসার কথা ছিল সাড়ে ১০টায়, কিন্তু এটি এসেছে ৮টা ২০ মিনিটে। আবার বোর্ডিং ব্রিজে না ভিড়িয়ে এটি ভেড়ানো হয় বে-তে।
“সব মিলিয়ে ধারণা করা যায়, বিমানের কর্মকর্তা-কর্মচারীদের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।”
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনিও এনবিআর চেয়ারম্যানের মতো বলেন, “সোনা চোরাচালান চক্র ছাড়াও বিমানের কেউ না কেউ জড়িত।”
বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক উপ মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গত বছরের নভেম্বরে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কারও সহযোগিতা ছাড়া নিয়মিত সোনা চোরাচালান যে সম্ভব নয়, সে সন্দেহ আগে থেকেই ছিল।
