২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যারা আমাকে পাহারা দিতে বলেছিল তাদের ধরা হয়নি’

শাহজালাল বিমানবন্দরে ১০৬ কেজি সোনা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বিমানকর্মী আনিসুর রহমান বলেছেন, এ ঘটনায় তিনি ছাড়াও অন্য কয়েকজন জড়িত থাকলেও তাদের বিরু্দ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 07:50 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

১০৬ কেজি সোনা উদ্ধারের পর বিমানকর্মী আটক
‘যারা আমাকে পাহারা দিতে বলেছিল তাদের ধরা হয়নি’
সোনা আটকের পর গ্রেপ্তার বিমানকর্মী রিমান্ডে

গত শনিবার একটি উড়োজাহাজের বাথরুম থেকে ওই সোনা উদ্ধারের আগে তারই এক সহকর্মী সেখানে তাকে পাহারা দিতে বলেছিলেন বলে দাবি আনিসুরের।

“আমি একাই ফাইসা গেসি। এখন চাকরিটা থাকলেই হয়,” পুলিশকে বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেকানিক্যাল অ্যাসিটেন্ট  আনিসুর রহমান।

বিমানবন্দর থানার ওসি শাহ আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে আনিসুর বিমানে চাকরি করছেন।

জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, শনিবার সকালে উড়োজাহাজটি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর আনিসুর ও তার কয়েক সহকর্মীসহ পরিচ্ছন্নতাকর্মীরা তাতে উঠেন।

তারা কাজ করার এক পর্যায়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই উড়োজাহাজে আসছেন খবর পেয়ে অন্যরা নেমে যান। এ সময় বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান মাসুদুর রহমান ও পিন্টু নামের এক ব্যক্তি তাকে মোবাইলে এসএমএস পাঠান।

দুটি এসএমএসেই ২২ জে সিট নম্বর উল্লেখ করা হয়।

“এই এসএমএসের মাধ্যমেই ওই আসন বা তার আশপাশে কোনো জিনিস রয়েছে এমন ইঙ্গিত দিয়ে পাহারা দিতে বলা হয় বলে আনিসুর জানিয়েছেন,” বলেন ওসি শাহ শালম।

বিমানের এই কর্মী জানান, ওই এসএমএস পেয়ে ২২জে আসনের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এসে তার মোবাইল জব্দ করেন। এরপর তল্লাশি চালিয়ে ওই আসনের সামনের বাথরুম থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন।

এরপর তাকে ধরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কার্যালয়ে এনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সহকর্মী মাসুদুর রহমান ও পিন্টুর এসএমএসের বিষয়ে বিস্তারিত জানালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।

আনিসুরের মোবাইল কললিস্ট পরীক্ষা করে সন্দেহজনক ব্যক্তিদের যোগাযোগের তথ্য পেয়েছিলেন বলে ওই দিনই সাংবাদিকদের জানিয়েছিলেন শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান।

এরপরেও আনিসের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের ধরতে ব্যবস্থা নেয়া হয়নি কেন জানতে চাইলে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আনিসকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।”

“যারা এ মামলার তদন্ত করছেন এখন তারাই খুঁজে বের করবেন এতে আর কারো সম্পৃক্ততা আছে কি না।”

বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, শনিবার সকালে সোনা উদ্ধারের সময় আনিসুরকে ধরার পর রোববার দুপুরে তাকে তাদের কাছে হস্তান্তর করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এরপর আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে চাইলে আদালত পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করে।

জিজ্ঞাসাবাদে আনিস এই ঘটনায় জড়িত আরো কয়েকজনের নাম বলেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

“তবে তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা যাচ্ছে না,” বলেন তিনি।