২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা আটকের পর গ্রেপ্তার বিমানকর্মী রিমান্ডে

১০৬ কেজি সোনা চোরাচালানের পেছনে কারা, তা বের করতে বিমানকর্মী আনিস উদ্দিন ভূইয়াকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোনা চোরাচালানে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার গ্রেপ্তার আনিসকে রোববার ঢাকার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ।

এই মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম ১০ দিনের জন্য হেফাজতে চাইলেও তা পাননি।

ঢাকার মহানগর হাকিম এস এন আশিকুর রহমান পাঁচ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আসামির পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করেন তিনি।   

গত কয়েক মাস ধরে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি সোনার চালান ধরা পড়ে।

শনিবার দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেটে ১০৬ কেজি ওজনের সোনা পান শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

এরপর বিমানের মেকানিক্যাল অ্যাসিটেন্ট আনিসকে গ্রেপ্তার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, এই চোরাচালানের সঙ্গে আনিসের সম্পৃক্ততা রয়েছে।

পুরনো খবর:

১০৬ কেজি সোনা উদ্ধারের পর বিমানকর্মী আটক