২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর লাশ আসছে মঙ্গলবার

মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ মঙ্গলবার ঢাকায় আসবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রোববার বিকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ঢাকায় লাশ আনার পর বাদ আসর প্রথম জানাজা হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। পরদিন সারাদেশে হবে গায়েবানা জানাজা।

মালয়েশিয়া বিএনপির সভাপতি মাহবুব আলম শাহ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৭ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মরদেহ দাফনের জন্য বাংলাদেশের পাঠানো হবে। মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে তার কফিন ঢাকায় পাঠানোর সব প্রক্রিয়া আমরা শুরু করেছি।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় চেয়ারপারসনের ছেলের মৃত্যুতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে দলীয় সব কার্যালয়ে কালো পতাকা ‍উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শোক কর্মসূচি পালনের জন্য দলের পক্ষ থেকে আহবান জানানো হয়।

এদিকে আরাফাত কোকোর দাফন প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করতে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের জরুরি বৈঠকে রোববার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ডেকেছেন খালেদা জিয়া।

গুলশানে খালেদার কার্যালয়ের ফটকের সামনে আরাফাত কোকোর স্মরণে একটি শোকবই রাখা হয়েছে।

এদিকে আরাফাতের জন্য রোববার যুক্তরাজ্যের লন্ডনে গায়েবানা জানাজা হয়। এতে তার ভাই তারেক রহমান অংশ নেন।

পূর্ব লন্ডনের আলতাফ আলী মাঠে স্থানীয় সময় সাড়ে ৩টায় এই জানাজায় টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানসহ প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি জানিয়েছেন। 

জানাজা শেষে তারেক রহমান তার ভাইয়ের জন্য দোয়া চান। তার ভাই কোনো দোষ-ত্রুটি করে থাকলে তার জন্য ক্ষমাও চান তিনি।

শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

মরদেহ আনতে ইতোমধ্যে মালয়েশিয়া গেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ কয়েকজন স্বজন ও বিএনপির নেতারা।

মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নাগারায় রোববার জোহরের নামাজের পর আরাফাত কোকোর জানাজা হয়। পেনাং, পুত্রজায়া, জোহোর বারু, গ্যানটিং হাইল্যান্ডস, ক্যামেরন হাইল্যান্ডস, বুকিত বিন তানসহ বিভিন্ন স্থান থেকে প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। পরে তারা কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যে জানিয়েছেন, তারা বিএনপি চেয়ারপারসনের ছেলের জানাজায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে ছেলেহারা খালেদা জিয়াকে সান্ত্বনা জানাতে তার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন। তবে ফটক বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি।

এনিয়ে সমালোচনার মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে তখন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। তবে খালেদা জিয়া জেগে খবর শুনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।  

অর্থপাচারের মামলায় বাংলাদেশের আদালতে ছয় বছর কারাদণ্ডপ্রাপ্ত কোকো স্ত্রী ও দুই মেয়ে নিয়ে কুয়ালালামপুরে একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন বলে বিএনপি নেতারা জানান।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তখনকার কর্তৃপক্ষের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।

এরপর মুদ্রা পাচারের একটি মামলায় ২০১১ সালে ২৩ জুন আরাফতকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত; সেই‌ সঙ্গে তাকে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়। তবে বিএনপির দাবি, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পুরনো খবর:

মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা
কোকোর জানাজায় ‘যাবেন’ আ. লীগ নেতারা
কোকোর মৃত্যুতে আওয়ামী লীগের শোক