ফরিদপুরে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
ফরিদপুরের সালথায় সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানিয়েছেন।
আহতদের মধ্যে মো. খোকন মাতুব্বর (৬০), নূরুল ইসলাম (৩৫), জিল্লু মাতুব্বর (৪৫) ও পিল্টু মাতুব্বর (৩৩) নামে চারজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মাছ ধরা নিয়ে শুক্রবার দুপুরে আগুলদিয়া গ্রামের আব্বাছ মাতুব্বরের সঙ্গে পিল্টু মাতুব্বরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাতেই দুই পক্ষকে নিয়ে সালিশে বসেন।
সালিশের শেষ মুহূর্তে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ছয়জন আহত হন।
ঘটনাটি মৌখিকভাবে শুনলে এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে সালথার ওসি বেলায়েত হোসেন জানান।
