২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের আগুনে পুড়ে ছাই দুই সৌদি প্রবাসীর মালামাল

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে দেশে ফিরেই দুর্বৃত্তের আগুনে বিদেশ থেকে নিয়ে আসা কয়েক লাখ টাকার মালামাল খুইয়েছেন দুই সৌদি প্রবাসী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 10:25 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

ঢাকা থেকে ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে শনিবার ভোররাতে চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে তাদের গাড়িতে আগুন দেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহাব উদ্দিন জানান, সৌদিপ্রবাসী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলী আকবর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসমাইল খান ঢাকা বিমানবন্দর থেকে মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।  

“তাদের বহনকারী ট্যাক্সিটি ঘোষেরহাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাছ ফেলে এর  গতিরোধ করে। পরে তারা আরোহীদের নামিয়ে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।”

ক্ষতিগ্রস্ত ট্যাক্সির চালক ইমরান শেখ জানান, ৭-/৮ জন যুবক গাড়ি থামানোর পর প্রথমে  ভাংচুর শুরু করে।

“এ সময় আমিসহ চারজন কোনোরকমে প্রাণ নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যাই। পরে তারা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।”

প্রবাসী আকবর ও ইসমাইল জানান, গাড়িতে তাদের সঙ্গে থাকা সৌদি রিয়াল ও কিছু স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সারা দেশে অবরোধের মধ্যে চাঁদপুরে শনিবার হরতাল করছে স্থানীয় বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা।

হরতালে চাঁদপুর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে হরতালের সমর্থনে চাঁদপুরে কোনো মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি।

এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১২ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।