সংসদ ভেঙে নির্বাচন দিন: ওসমান ফারুক
অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রীসভা ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য রাষ্ট্রপতি প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
নিউইয়র্কে ‘বাংলাদেশের বর্তমান সংকট এবং উত্তরনের দিক নির্দেশনা’ শীর্ষক এক আলোচনায় বাংলাদেশে চলমান আন্দোলনে সমর্থন ব্যক্ত করে চলমান সংকট উত্তরণে ১৩টি প্রস্তাব দেওয়া হয়।
এতে বিরোধী দলের ওপর দমন-নির্যাতন পরিহার করে গ্রেপ্তারকৃত সব রাজবন্দির মুক্তি এবং বাংলাদেশে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ‘বাংলাদেশ জার্নালিস্টস অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’র ব্যানারে অনুষ্ঠিত এ সেমিনানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন সংগঠনের সেক্রেটারি এবং ‘সাপ্তাহিক বাংলা পত্রিকার’ সম্পাদক আবু তাহের।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী।
সেমিনারের শুরুতে সংগঠনটি নিজেদের দলনিরপেক্ষ দাবি করলেও বক্তা এবং উপস্থিত লোকজনের সবাই ছিলেন বিএনপি-জামাত জোটের নেতা-কর্মী-সমর্থক।
মঞ্চে ছিলেন বিএনপি নেতা মো. বশির, আকতার হোসেন বাদল, শরাফত হোসেন বাবু, জসীম ভূইয়া এবং জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
মূল আলোচনা শুরু করেন অধ্যাপক ড. মাহফুজ আর চৌধুরী।
তিনি বাংলাদেশে জ্বালাও-পোড়াও-অবরোধের রাজনীতির জন্য প্রধান দুই দলকেই দায়ী করেন। রাজনীতিকদের মধ্যে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত না হওয়া পর্যন্ত জনগণের ভোগান্তি দূর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় আরও অংশ নেন দৈনিক নয়া দিগন্তের নিয়মিত কলামিস্ট ডা. মীনা ফারাহ।
বক্তারা বাংলাদেশে বিএনপি-জামায়াত জোটের দাবির প্রতি সহমত জানিয়ে সে পথে সরকারকে হাঁটার আহ্বান জানান।
তারা বলেন, তাহলেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতি পুনর্প্রতিষ্ঠা পাবে।
ড. ওসমান ফারুক বলেন, বাংলাদেশে অবিলম্বে নয়া নির্বাচনের পথ সুগম করতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।
