বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২
বগুড়ায় একটি ট্রাকের দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ দুজন দগ্ধ হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শুক্রবার রাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন- চালক মাসুদ (৩৫) ও তার সহকারী জাহাঙ্গীর (৩০)।
গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৮টার দিকে একটি খালি ট্রাক গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ স্টেশন থেকে চারমাথা হয়ে কাহালু যাচ্ছিল। চারমাথায় আসার পরপর দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে তারা দুজন দগ্ধ হন।
পুলিশ তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠিয়ে দেন।
