২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্র হোক সমাজ বদলের হাতিয়ার: রাষ্ট্রপতি

আলোকচিত্র শিল্পকে সমাজ বদলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিশ্বকে শান্তি ও সম্প্রীতির চারণভূমিতে পরিণত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‘৮ম ছবিমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “আসুন মানব জাতির মূল আকাঙ্খা, এই বিশ্বকে শান্তি ও সম্প্রীতির চারণভূমি করতে সকলে আলোকচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি।”

আলোকচিত্র প্রশিক্ষণ কেন্দ্র ‘পাঠশালা’ এবং দৃক গ্যালারি ১৯৯৯ সাল থেকে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।

রাষ্ট্রপতি বলেন, “আলোকচিত্র শুধু নির্দিষ্ট মুহূর্তকেই তুলে ধরে না, বরং সময়কে প্রতিফলিত করে। অতীতকে বর্তমানে তুলে ধরে আলোকচিত্র। ভাষা আন্দোলন, ৭০ এর ঘূর্ণিঝড়, ৭ মার্চ বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণ, মুক্তিযুদ্ধের অসামান্য অনেক ছবি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”

এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ছবিমেলার পরিচালক শহীদুল আলম, নিউ ইয়র্ক টাইমসের লেন্স ব্লগের কো-এডিটর জেমস এস্ট্রিন, জার্মান ম্যাগাজিন জিইও’র আলোকচিত্র বিভাগের পরিচালক রুথ এইকন অনুষ্ঠানে বক্তব্য দেন।