২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে আ.লীগ নেতারা

বাংলাদেশে অবরোধ-হরতালের নামে বিএনপি-জামায়াত জোটের পুড়িয়ে মানুষ হত্যার এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 09:08 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ডেস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের অভিযোগ এনে তার জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্র বিএনপির একটি প্রতিনিধি দলও কিছুদিন আগে একই দপ্তরে একটি স্মারকলিপি দেয়।

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার এক আলাপচারিতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মাহমুদ এবং আওয়ামী লীগ নেত্রী শাহানারা রহমান, সেফু রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতে কংগ্রেস সদস্যদের স্বাক্ষর জাল করার মতো জঘন্য অপকর্ম এবং একইভাবে গুলিবিদ্ধ না হওয়া সত্ত্বেও রিয়াজ রহমানকে নিয়ে মিথ্যাচারের বিষয়টি অবহিত করে বিএনপির কথায় বিভ্রান্ত না হতে মার্কিন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির মিথ্যাচার সম্পর্কে আন্তর্জাতিক মহলকে সজাগ করার লক্ষ্যে ২৬ জানুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে একটি শান্তি সমাবেশ হবে বলে জানান তিনি।