দিনাজপুরে দেড়হাজার তুঁত গাছের চারা কর্তন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রেশম উন্নয়ন বোর্ডের রেশম বাগানের প্রায় দেড়হাজার তুঁত গাছের চরা দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা রেশম বাগানে এই ঘটনা ঘটে।
এ সময় বীরগঞ্জ থানার ওসির কাছে সহায়তা চেয়ে পাননি বলে রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অভিযোগ করেন।
তবে, ওসি অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সনকা রেশম বাগানের নৈশ প্রহরী মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় থেকে দুইশ লোক রাত ১১টার দিকে ধারালো অস্ত্র নিয়ে রেশম বাগানে প্রবেশ করে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে প্রায় দেড়হাজার তুঁত গাছের চারা কেটে চলে যায়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বীরগঞ্জ ব্যবস্থাপক কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বাগনের পাঁচ একর সরকারি জমিতে প্রায় এক হাজার তুঁত গাছ রয়েছে। আরো নতুন করে কিছু চারা রোপন করা হয়েছে।
বেশকিছু দিন ধরে কতিপয় ভূমিদস্যু সনকা রেশম বাগানের জমি দখলের চেষ্টা করচে বলে তিনি জানান।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে গাছ কাটার সময় সরকারি গাছ রক্ষায় বীরগঞ্জ থানার ওসিকে মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয় এবং তিনি নিজে থানায় গিয়ে পুলিশের সাহায্য চান।
কিন্তু তিনি কোনো সাহায্য পাননি।
যৌথবাহিনীর অভিযানে থাকায় এখন পুলিশ পাঠানো সম্ভব নয় বলে ওসি তাকে জানান, বলেন কামরুল।
রেশম বোর্ড ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক সুলতান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিও রাত ১২টার দিকে ওসিকে ঘটনা জানিয়ে গাছ রক্ষায় সহযোগিতা চেয়েছিলেন।
এদিকে রেশম বোর্ডের এই দুই কর্মকর্তার অভিযোগ অস্বীকার করে বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগানে হামলা ও গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।
