২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক ৭

জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার দুপুরে এ ঘটনার পর জড়িত অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করেছে।

নিহত জহিরুল হক সরদার শরীয়তপুর পৌর এলাকার স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা। পৌর এলাকার চৌরঙ্গী মোড়ে তার চায়ের দোকান রয়েছে।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তানভির হায়দার শাওন জানান, জহিরুল হক সরদার ও একই গ্রামের মোসলেম খানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

শুক্রবার দুপুর ১২টার দিকে জহিরুল সরদার শরীয়তপুর শহর থেকে দোকান শেষে বাড়ি যাওয়ার পথে স্বর্ণঘোষ নুর হোসেন খানের বাড়ির বাগানের কাছে পৌঁছলে মোসলেম খানের ছেলে সেলিম খান, নাসের খানসহ ১০/১২ জন লোক তাকে আটক করে।

পরে তাকে পাশের ক্ষেতে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রাখে।  

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি তানভির জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে পালং থানা পুলিশ সেলিম খান, কামাল খান, আবু নাসের খান, শাহজাহান খান, হুমায়ুন কাদের, কামাল হোসেন বেপারী ও  আমান বেপারীকে আটক করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিহত জহির সরদারের স্ত্রী শাহনাজ বেগম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মোসলেম খান ও তার ছেলে সেলিম খান, নাসের খান, ফারুক খান ও আনোয়ার সরদারসহ ১০/১২ জন মিলে তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।