২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে দুর্ভোগে গাইবান্ধার মানুষ

টানা অবরোধে পরিবহন বন্ধ থাকায় দেশের অন্যান্য স্থানের মতো গাইবান্ধার মানুষও দুর্ভোগে পড়েছেন।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:05 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

একদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ধান, শাক-সব্জিসহ কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করতে হচ্ছে পানির দামে। টাকা দিয়েও জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস মিলছে না বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

পরিবহন শ্রমিক ও দিনমজুরসহ শ্রমজীবী মানুষ বেকার দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, জেলার সবচেয়ে বড় সব্জির বাজার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট। আশপাশের বিভিন্ন এলাকার কৃষকদের উৎপাদিত শাক-সব্জি এই হাট থেকেই পাইকারদের হাত ঘুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।

কয়েকদিন ধরে টানা অবরোধে পরিবহন বন্ধ থাকায় হাটে আসতে পারছেন না পাইকাররা। ফলে ক্ষেত থেকে সব্জি তুলে হাটে এনে ক্রেতা পাচ্ছেন না কৃষকরা। সবজি নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।

এ অবস্থায় নষ্ট হওয়ার আশঙ্কায় পানির দরে ফরিয়াদের হাতে সবজি তুলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।

সব্জি চাষিরা জানান, সব্জি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ভাড়াও তাদের কাছে নেই। তাই বাধ্য হয়ে প্রতি কেজি ১৫ টাকার বেগুন ৮ টাকা, ২০ টাকার টমেটো ১০ টাকা, ৮ টাকার বাঁধাকপি ২ টাকা এবং ৭০০ টাকা মনের ধান ৬৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের কৃষক সোলায়মান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের কারণে তার এক বিঘা জমির বাঁধাকপি ও মুলা পানির দামে বিক্রি করতে হয়েছে। আর কিছু বাকি ছিল, সেগুলো গরুকে খাওয়ান।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সকল কৃষি পণ্যবাহী পরিবহন রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখলে কৃষকরা বাঁচবেন।

এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। পরিবহন ভাড়া বৃদ্ধি ও সরবরাহ হ্রাসের দোহায় দিয়ে ১০০ টাকা লিটারের সয়াবিন তেল ১২০ টাকা, ৭৩ টাকা লিটারের কেরোসিন ৮০ টাকা, ২৮ টাকা কেজির ময়দা ৩৪ টাকা, ৪২ টাকার চিনি ৪৫ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।

গাইবান্ধা সদরের বালুয়া গ্রামের কৃষক মোস্তা মিয়া বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্ষেত্রবিশেষে কেজিপ্রতি ৩ থেকে ২০ টাকা বেড়েছে।

টানা অবরোধের প্রভাব পড়েছে গাইবান্ধার ফিলিং স্টেশনগুলোতেও। হামলার আশঙ্কায় জ্বালানি আনতে পারছেন না মালিকরা।

মজুদ ফুরিয়ে যাওয়ায় ফিলিং স্টেশনে গিয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল না পেয়ে বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকরা বিপাকে পড়ছেন।

অন্যদিকে, ডিজেল না থাকায় চলতি বোরো মৌসুম নিয়ে শঙ্কিত কৃষকরা।

গাইবান্ধা শহরের সুখনগর এলাকার কলেজ শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন,  জ্বালানি তেলের মজুদ না থাকায় বন্ধ রাখা হয়েছে গাইবান্ধার অধিকাংশ ফিলিং স্টেশন। কোনো কোনো স্টেশনে শুধু অকটেন পাওয়া গেলেও দাম বেশি।

সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামের কৃষক মোখলেছুর রহমান জানান, পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এই সময় তেল পাওয়া না গেলে আবাদ করা যাবে না।

গাইবান্ধা আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনের পরিচালক মিজানুর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন, আমাদেরকে পুলিশি সহায়তায় তেল আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।”

গাইবান্ধা জ্বালানি পরিবেশক সমিতির সভাপতি শাহাজাদা আনোয়ারুল কাদির বলেন, হয়ত সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু কোনো কোনো পাম্পে তেল আছে। একদম তেল নাই এই কথাটা ঠিক না।

গাইবান্ধা শহরের ধানঘোড়া এলাকার এক স্কুলছাত্রের অভিভাবক লীনা আকতার বলেন, যেভাবে নাশকতা চলছে, বিদ্যালয়ে ছেলে-মেয়েদের পাঠিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচেরর দোহায় দিয়ে বইসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি করেছে ব্যববসায়ীরা।

অবরোধের প্রভাবমুক্ত নয় খেটে খাওয়া মানুষেরাও। গত কয়েকদিন থেকে কাজ না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকে। বেকার হয়ে পড়েছেন দিনমজুর ও মটর শ্রমিকরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হবিবুল্যাপুর গ্রামের পরিবহন শ্রমিক শহিদুল আকন্দ (২৫) জানান, “ক্ষমতায় যাবার জন্য রাজনৈতিক দলগুলো হরতাল অবরোধ করে, আর ফাঁদে পড়ে গরিব মরে। গরিব মানুষের কষ্ট দূর করার চিন্তা কেউ করে না।”

তিনি বলেন, “বাসে হেলপারের (চালকের সহকারী) কাজ করি। প্রতিদিন ২০০-২৫০ টাকা মুজুরি পাই। তা দিয়া কোনোমতে সংসার চলে। ১৫ দিন থেকে কামাই বন্ধ। গ্রাম্য মহাজনের কাছে সুদের উপর টাকা কর্জ নিয়া এখন সংসার চলছে।”

সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের রিকশা চালক আব্দুল জোব্বার (৪২) বললেন, “অবরোধের কারণে গাইবান্ধা শহরে মানুষের সমাগম কম। তাই কয়দিন থাকি রোজগার কমে গেছে। ধারদ্যানা করি চলতে হচ্ছে। তিন বেলা খাইতে দিতে পারতেছি না, সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে আছে। এরকম করে আর কতদিন চলা যাবে।”

সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের এনজিওকর্মী সামিয়ূর রহমান বলেন, রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখতে গাইবান্ধায় আসতেন। কিন্তু দেশে এখন অবরোধ। যানবাহন চলাচল বন্ধ। তারা আসতে পারছেন না।

“আমার অসুস্থ মাকে ডাক্তার দেখাতে পারছি না। প্রতিদিন এরকম শতশত রোগী ডাক্তারের দেখা না পেয়ে ফিরে যাচ্ছেন। আতংকে রংপুরও যেতে পারছি না।”

গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বলেন, সরবরাহ ঘাটতি না থাকলেও, কিছু সুযোগ-সন্ধানী অসৎ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার অর্জনের জন্য অবরোধের দোহায় দিয়ে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি করে রাখছেন।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরছেলিন পারভেজ বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এছাড়া সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

মানুষের স্বার্থে উভয়দলের সমঝোতায় আসা জরুরি বলে মনে করেন তিনি। 

গাইবান্ধার জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, এখন কোনো তেল সঙ্কট নাই। সঙ্কটের আগেই নিরাপত্তার মাধ্যমে বাঘাবাড়ী অথবা পার্বতীপুর থেকে জ্বালানি তেল আনা হবে।