২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গুলিসহ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যে ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 05:57 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বৃহস্পতিবার দুপুরে রাজাবাড়ি চেকপোস্ট থেকে আনারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করার সময় তার সঙ্গে থাকা টিটু (২৫) নামের অপর এক শিবির কর্মী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

আনোয়ার শিবগঞ্জ উপজেলার কোটাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে এবং টিটু তারাপুর টোটাপাড়া গ্রামের কুফুর উদ্দিনের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, আনারুল ও টিটু একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে রাজাবাড়ি চেকপোস্টে অটোরিকশাটি থামানো হলে টিটু নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আনারুলকে পুলিশ ধরে ফেলে।

পরে তার শরীর তল্লাশি করে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি পাওয়া যায়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারুল নাশকতা চালানোর জন্য ছাত্রশিবিরের এক নেতার নির্দেশে তারা রাজশাহীতে অস্ত্রগুলো নিয়ে আসছিল বলে জানিয়েছে।