২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ

নারায়ণগঞ্জে সাত খুন মামলার অভিযোগপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন বৃহস্পতিবার এ আদেশ দেন।

আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদেশে মামলার তদন্ত কর্মকর্তাকে যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করতে বলা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডলও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এমএম রানাসহ ২৯ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের আবারও কারাগারে পাঠিয়েছে আদালত।

সাত খুন হত্যার মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে বন্দি রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারি প্রক্রিয়া চলমান রয়েছে।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোডের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়।

তিনদিন পর ৩০ এপ্রিল বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ।

এ ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

আর নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবার অজ্ঞাত পরিচয়দের আসামি করে করে আরেকটি মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের ২০ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বরখাস্ত তিন কর্মকর্তা নিয়ে ১৭ জন র‌্যাব সদস্যসহ মোট ২০ জন হত্যাকাণ্ডের বর্ণনা এবং হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।