২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছিনতাইকারীর কোপে পুলিশ সদস্য আহত

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ছিনতাইকারীর ধারাল অস্ত্রের কোপে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 12:51 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আহত মো. সাব্বির হোসেনকে গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে বলে ওই ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান।

আটক দুজন হলেন- মাজেদুল হক (৩৮) ও রুবেল (২৯)। তাদের বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি।

এসআই মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল সাব্বির টহল শেষে ভোগড়া পুলিশ ফাঁড়িতে পোশাক পরিবর্তন করে রাত আড়াইটার দিকে রিকশায় করে বাসায় ফিরছিলেন।

“পথে একদল ছিনতাইকারী রিকশা আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে সাব্বির তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”

এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করে এবং কনস্টেবল সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, ভোর ৪টার দিকে পুলিশ সদস্য সাব্বির হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান উরু, হাঁটুর নিচে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর কথা জানান তিনি।