২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা ‘ভয়ানক সন্ত্রাসী’: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীতে পরপর দুই রাতে কথিত বন্দুকযুদ্ধে দুজনের নিহতের ঘটনায় পুলিশের কাজে সমর্থন জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জামায়াতে ইসলামী ও ছাত্রদলের ওই দুজন ‘ভয়ানক সন্ত্রাসী’। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

এই হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ বলতে নারাজ প্রতিমন্ত্রী দাবি করেছেন, পুলিশ ‘বাধ্য হয়েই’ তাদের গুলি করেছে।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে রবি ও সোমবার মধ্যরাতে মতিঝিল ও খিলগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিরোধী জোটের ওই দুই নেতা-কর্মী। 

প্রথমদিন নিহত জামায়াতে ইসলামীর নেতা ইমরুল কায়েস (৩৮) নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর খিলগাঁওয়ে নিহত নুরুজ্জামান জনি (৩০) ছাত্রদলের ঢাকা মহানগরের থানা শাখার সাধারণ সম্পাদক।

গত বছর নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন চলাকালে নড়াইলে পুলিশের ওপর হামলার একটি মামলার আসামি ছিলেন ইমরুল।

জনি চলমান অবরোধের মধ্যে গত শনিবার শাহবাগে পুলিশ বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ পুলিশ কর্মকর্তাদের।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এই দুটি মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এটা ক্রসফায়ার নয়। তারা ভয়ানক সন্ত্রাসী। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পুলিশ বাধ্য হয়েই তাদের গুলি করেছে।”

তবে ঢাকায় আসা ইমরুলকে দুই দিন আগে আটকের পর পরিকল্পিতভাবে ‘হত্যা’ করা হয়েছে বলে জামায়াত দাবি করেছে।

জনিকে নিয়েও একই অভিযোগ করে ছাত্রদল বুধ ও বৃহস্পতিবার ঢাকায় হরতাল ডেকেছে।

পুরনো খবর:

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত
মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নড়াইলের কাউন্সিলর