মিঠাপুকুরে বাসে দগ্ধ আরেকজনের মৃত্যু
অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকায় হাসপাতালে, এ নিয়ে ওই বাসের মোট ছয় যাত্রী মারা গেলেন।
অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকায় হাসপাতালে, এ নিয়ে ওই বাসের মোট ছয় যাত্রী মারা গেলেন।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে মনোয়ারা বেগমের (২২) মৃত্যু হয় বলে ক্যান্টনমেন্ট থানার এসআই মেছবাউল হক জানিয়েছেন।
গত ৫ জানুয়ারি অবরোধ শুরুর পর গাড়িতে আগুন দেওয়াসহ সহিংসতায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে, তবে একসঙ্গে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটাই সবচেয়ে বেশি।
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ওই বাসে গত ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুরের জায়গীরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে আগুন দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান চারজন।
গুরুতর আহত মনোয়ারা ও তছিরন বেগমকে (৬০) রংপুর থেকে ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তছিরন।
মনোয়ারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নখিয়ারপাড়া গ্রামের নুরে আলমের স্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার স্বামী জানিয়েছেন।
ঢাকা সেনানিবাসের ওয়ার্কশপে কাঠমিস্ত্রির কাজ করেন নূর আলম। অগ্নিদগ্ধ তার দুই কন্যাশিশু এখনও ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।
বাসে আগুন দেওয়ার পর ঘটনাস্থলেই যে চারজন মারা যান, তার মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- কুড়িগ্রামের উলিপুরের রহিমা বেগম(৬৫), তার ছেলে বাদাম বিক্রেতা রহিম বাদশা (৪৫) ও জেসমিন আক্তার(৩৫)। নিহত শিশুটির পরিচয় এখনও মেলেনি।
কুড়িগ্রামের উলিপুর থেকে গাজীপুরগামী ওই বাসে আগুনের ঘটনায় মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। আসামিদের কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
