২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের কালাইয়ে মঙ্গলবার হরতাল

বিএনপি-জাময়াত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা এবং কয়েকজনকে গ্রেপ্তারের প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় ২০ দলীয় জোট।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

জেলা বিএনপির সহসভাপতি ইব্রাহিম হোসেন ফকির জানান, রোববার সন্ধ্যায় কালাই উপজেলার মোলামগাড়ীহাটে হরতাল চলাকালে হরতাল বিরোধী মিছিল করেন জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সমর্থকরা।

এ সময় তারা বিএনপি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপসহ বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় উল্টো ২০ দলেরই পৌনে ২শ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং বিএনপির ৬ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় স্থানীয় ২০ দলীয় ঐক্যজোটের সিন্ধান্তক্রমে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে বলে জানান তিনি।