সংঘাত বন্ধের আহ্বানে ৪ তরুণ অনশনে
রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতার প্রতিবাদে অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
বিরোধী জোটের অবরোধে সহিংসতার মধ্যে সোমবার সকাল ৯টা থেকে নগরীর চৌহাট্টায় ফুটপাথে বসে ‘আমরা কয়েকজন সাধারণ বাংলাদেশি’র ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা।
‘মানুষ ও মাতৃভূমির ডাকে সাড়া দিন’ আহ্বান নিয়ে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা এই কর্মসূচি চালিয়ে যাবেন এ চার তরুণ।
এদিকে, অনুমতি না নিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচি করার কারণে রাতে তাদের মহনগর পুলিশ কমিশনার কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তারা অনুমতির আবেদন করে আবার সেখানে ফিরে আসেন।
অনশনকারীরা হলেন- শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ফরহাদ, একই বিভাগ থেকে সদ্য পাশ করা মো. আব্দুল্লাহ মো. রাসেল, ব্যবসায় প্রশাসনের মাস্টার্সের শিক্ষার্থী মোজাম্মেল হাসান জিন্নাত এবং ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. রেজাউল হক মুরাদ।
দুটি দাবিতে এ কর্মসূচি পালন করছেন বলে জানান অনশনকারীরা।
এর মধ্যে রয়েছে- অবিলম্বে সাধারণ জনগণের ওপর চলমান অত্যাচার বন্ধ এবং চলতি বছরসহ নির্বাচন পূর্ববর্তী সময়ে দুই শতাধিক সাধারণ মানুষ হত্যার জন্য ২০ দলীয় জোট ও ১৪ দলীয় জোটভুক্ত সব রাজনৈতিক দলের প্রধানকে জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকার।
অনশনকারী মেহেদী হাসান বলেন, “সরকারি দল আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ক্ষমতার কাড়াকাড়িতে বলির পাঁঠা হচ্ছেন সাধারণ জনগণ।
“একদিকে ২০ দলীয় জোট ক্ষমতায় যাওয়ার জন্য হিংস্র হয়ে উঠেছে। অন্যদিকে সরকার ক্ষমতা রক্ষার জন্য মরিয়া হয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে শুধু বক্তৃতা ও বিবৃতি দিয়েই দায় সারছে। এর ফলে বন্ধ হচ্ছে না নাশকতামূলক কর্মকাণ্ড।”
সহিংসতা থামানোর জন্য গত বছরের ১৩ জানুয়ারি ঢাকায় এ ধরনের কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাদের শাহবাগ থানায় ধরে নিয়ে যায় বলে জানালেন এ চার অনশনকারী।
মেহেদী বলেন, “সেই সময় সহিংসতা কমে আসায় কর্মসূচি শেষ না করেই ফিরে এসেছিলাম। সাধারণ মানুষ হয়ত আর বীভৎসতার মুখোমুখি হবে না বলে আশা ছিল। কিন্তু আবারও সেই একই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।”
অনশনকারীরা তাদের প্রচারপত্রে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আমাদের হয়ে কোনো রাজনীতিবিদ দাঁড়াবেন না। আমাদের জন্য আমরাই আছি, দাঁড়াতে হবে নিজেদেরই। আসুন অন্যায়ের প্রতিবাদ করি।”
এদিকে অনশন চলাকালে রাত ৮টার দিকে এ চার জনকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনা সম্পর্কে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার জন্য কর্মসূচি চালাতে তাদের অনুমতি নেওয়া দরকার। তারা অনুমতির আবেদন করেছেন।
মঙ্গলবার সকালে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে মেহেদী বলেন, অনুমতি ছাড়া ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের কর্মসূচি করতে নিষেধ করে পুলিশ। তাই তারা আবেদন করেছেন।
তাই এখন ব্যানার-ফেস্টুন ছাড়াই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
তবে, মঙ্গলবার অনুমতি না দিলে তারা আমরণ অনশন করবেন বলে জানান মেহেদী।
