সুনামগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে মা-ছেলে নিহত
সুনামগঞ্জ সদর উপজেলায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
সোমবার বেলা আড়াইটায় উপজেলার নারায়ণপুর এলাকায় সুনামগঞ্জ-দিরাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের গোপি রঞ্জন দাসের স্ত্রী প্রাপ্তি রানী দাস (৩৫) ও তাদের ছেলে প্রিয়জিৎ দাস (৬)।
গুরুতর আহত পাঁচ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী লেগুনাটি দিরাই যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। আহত হয় আরো ১০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় বলে জানান তিনি।
