২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম্মনের মৃত্যুতে  ক্রীড়াঙ্গণের অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

বাংলাদেশে হকির সাবেক তারকা জুম্মন লুসাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণের অপূরণীয় ক্ষতি হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 02:12 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,  “বাংলাদেশের একমাত্র হকি খেলোয়াড় হিসাবে বিশ্ব একাদশে স্থান পাওয়া জুম্মন লুসাই ছিলেন অসামান্য প্রতিভাধর একজন ক্রীড়াবিদ।”

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই খেলোয়াড় একসময় আবাহনী হকি দলের অধিনায়ক ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন,  “তার দীর্ঘ খোলোয়াড় জীবনের সাফল্য শুধু তাকেই নয়, দেশকেও ক্রীড়াক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

বাংলাদেশের মানুষ, বিশেষ করে এ দেশের ক্রীড়াজগৎ জুম্মন লুসাইয়ের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি শোকবার্তায় এই ক্রীড়াবিদের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে জুম্মন লুসাইকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। রোববার দুপুরের দিকে না ফেরার দেশে চলে যান বাংলাদেশে হকির এই কিংবদন্তী।

১৯৫৫ সালের ১২ অগাস্ট জন্ম নেয়া জুম্মন ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় দলের রক্ষণভাগের হয়ে মাঠে আলো ছড়ান। তার বাবা হারেঙ্গা লুসাইও হকি খেলতেন।

জুম্মনের চাচাতো ভাই রামা লুসাই ফুটবল ও হকি খেলেছেন জাতীয় দলে। ছোটে ভাই জুবেলও হকি খেলোয়াড় ছিলেন।

পুরনো খবর:

চলে গেলেন হকি অন্তঃপ্রাণ জুম্মন লুসাই