২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন হকি অন্তঃপ্রাণ জুম্মন লুসাই

চলে গেলেন বাংলাদেশের হকির সাবেক তারকা জুম্মন লুসাই। হকির জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটি রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

জুম্মনের মৃত্যুর খবর জানান তার ছোটো ভাই জুবেল লুসাই। কর্তব্যরত চিকিৎসক একেএম হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, সকালের দিকে জুম্মনের হৃদযন্ত্র সচল ছিল কিন্তু দুপুরের দিকে মস্তিষ্কের যে অংশটা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, সেটা নির্জীব হয়ে যায়।

জুবেল জানান, সোমবার সকাল দশটায় জুম্মনের মরদেহ আবাহনী ক্লাবে এবং বেলা ১২টায় বাংলাদেশ হকি ফেডারেশনে নিয়ে যাওয়া হবে। এরপর তাকে নেয়া হবে জন্মস্থান সিলেটে। সেখানে লুসাই সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে জুম্মনকে।

মৃত্যুর সময়ে জুম্মনের পাশে ছিলেন তার বোন মারিয়ান লুসাই ও ছোট ভাই। জুবেল জানান, জুম্মন লুসাইয়ের স্ত্রী মিজোরাম থেকে এখনো বাংলাদেশে এসে পৌঁছাননি; পথে আছেন তিনি। স্ত্রীসহ তিন ছেলে রেখে গেছেন জুম্মন।

জুম্মনের মৃত্যুর খবর শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আবাহনী লিমিটেডের পরিচালক হারুণ অর রশীদ, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এবং হকির অনেক সাবেক খেলোয়াড়।

গত শুক্রবার হঠাৎ বমি করার পর অজ্ঞান হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় জুম্মনকে। এ ক’দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৯৫৫ সালের ১২ অগাস্ট জন্ম নেয়া জুম্মন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই হকি খেলোয়াড় পরিবার-পরিজন ছেড়ে আবাহনী ক্লাবে থাকতেন। চিকিৎসকরা জানান, ঠিকমতো শরীরের যত্ন না নেওয়ার জন্যই তার কিডনি, মস্তিষ্ক ও যকৃতে সমস্যা দেখা গিয়েছিল।

জুম্মনের বাবা হারেঙ্গা লুসাইও হকি খেলতেন। চাচাতো ভাই রামা লুসাই ফুটবল ও হকি খেলেছেন জাতীয় দলে। ছোটে ভাই জুবেলও হকি খেলোয়াড় ছিলেন।

জুম্মন ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় দলের রক্ষণভাগের হয়ে মাঠে আলো ছড়ান। হকি ফেডারেশনের দেয়া তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশের একমাত্র হকি খেলোয়াড়, যিনি বিশ্ব একাদশের হয়ে খেলার গৌরব অর্জন করেন।

আন্তর্জাতিক আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক আছে জুম্মনের। ১৯৮৫ সালে এশিয়া কাপে ইরানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত ৯ম এশিয়ান গেমসে অংশ নেন জুম্মন। ১৯৮৫ সালে ঢাকায় দ্বিতীয় এশিয়া কাপ, ১৯৮৬ সালে সিউলের ১০ম এশিয়ান গেমস ও ১৯৮৯ সালে দিল্লিতে তৃতীয় এশিয়া কাপে বাংলাদেশ দলের পক্ষে হয়ে খেলেন তিনি।

সিউলের আসরে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন ‘পেনাল্টি কর্নার স্পেশালিস্ট’ বলে পরিচিত জুম্মন।

বাংলাদেশ পুলিশের হকি দলের হয়ে ১৯৮৭ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করেন জুম্মন। তবে ক্লাব ক্যারিয়ারে আবাহনীর হয়েই খেলেছেন ১৭ বছর। সর্বশেষ আবাহনীর কোচের দায়িত্ব পালন করছিলেন হকির এই প্রিয় মানুষটি।

হকির জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটি অসুস্থতা নিয়েই বিজয় দিবসে সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচে খেলতে এসেছিলেন।

ওই প্রীতি ম্যাচ খেলার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জুম্মন জানিয়েছিলেন, আগামীতেও যেন এ ধরণের ম্যাচ আয়োজন করা হয়।

পুরনো খবর:

জুম্মনের বিদায়ে হকিতে শোকের ছায়া