জুম্মনের বিদায়ে হকিতে শোকের ছায়া
জুম্মন লুসাইয়ের মৃত্যুতে শোকাহত বাংলাদেশ হকি অঙ্গন। চিকিৎসকদের প্রচেষ্টা, সতীর্থ-ভক্তদের প্রার্থনাকে উপেক্ষা করে ‘একটু আক্ষেপ’ নিয়ে রোববার না ফেরার দেশে চলে গেলেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়ানো সাবেক এই ডিফেন্ডার।
১৯৫৫ সালের ১২ অগাস্ট সিলেটে জন্ম জুম্মনের। ৫৯ বছর বয়সে তার না ফেরার দেশে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না জুম্মনের সতীর্থ আর উত্তরসূরিরা।
হকির জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান অনেকে। জুম্মনের স্মৃতি সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, “তিনি বাংলাদেশের হকির একজন দিকপাল ছিলেন। খেলোয়াড় না, ভাই হারালাম আমরা।”
ক্লাব ক্যারিয়ারে ১৭ বছর আবাহনীর হয়ে খেলেন জুম্মন। আবাহনীর পরিচালক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হারুণ অর রশীদ বলেন, “ওর মতো প্রতিভাবান খেলোয়াড়ের দেখা সহসা পাওয়া যায় না। সে আমাদের গর্ব ছিল। জুম্মনকে হারানোর শূন্যতা কবে পূরণ হবে, কে জানে।”
১৯৮৯ সালে জাতীয় দলকে বিদায় বলে দেয়ার পর থেকে আবাহনীর সঙ্গেই যুক্ত ছিলেন জুম্মন। সব শেষ এই ক্লাবের হকি দলের কোচ ছিলেন তিনি। বাংলাদেশ দলের সাবেক এই সহ-অধিনায়ক থাকতেনও আবাহনী ক্লাবে।
আবাহনীর পরিচালক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, “আবাহনী তার কাছে পরিবারের মতো ছিল। তিনি আবাহনীর খেলোয়াড় বা কোচ ছিলেন না, তিনি ছিলেন এই পরিবারের সদস্য।”
১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় দলের রক্ষণভাগের হয়ে মাঠে আলো ছড়ান জুম্মন । আন্তর্জাতিক আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও তার গড়া। ১৯৮৫ সালে এশিয়া কাপে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেন সিলেটের এই ডিফেন্ডার।
১৯৮২ ও ১৯৮৬ সালের এশিয়ান গেমস, ১৯৮৫ ও ১৯৮৯ সালের এশিয়া কাপে খেলা জুম্মনের মৃত্যু মেনে নিতে পারছেন না জাতীয় দলে তার সাবেক সতীর্থ ও বর্তমানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।
“তার চলে যাওয়াটা মেনে নেয়া যায় না। আমিও চাই জুম্মন ভাইয়ের মতো খেলোয়াড় আমাদের হকিতে আরো আসুক। কিন্তু তার মানের খেলোয়াড় আর আসবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে আমার।”
বাংলাদেশের ক্রীড়াঙ্গন শোকের চাদরে ঢাকা পড়লেও জুম্মনের না বলা ‘একটু আক্ষেপ’ চাপা পড়ছে না। ২০১১ সালে জাতীয় পুরস্কার পান তিনি। কিন্তু আনুষ্ঠানিকভাবে জুম্মনের হাতে সেই স্বীকৃতির স্মারক তুলে দেয়ার আর কোনো পথই খোলা থাকল না।
গত শুক্রবার হঠাৎ বমি করার পর জ্ঞান হারিয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় জুম্মনকে। এ ক’দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। রোববার দুপুরের দিকে না ফেরার দেশে চলে যান বাংলাদেশ হকির এই কিংবদন্তি।
