২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আরও ২৪ ঘণ্টা হরতাল

রাজশাহী বিএনপির সভাপতি সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে সন্ধ্যা ৬টা থেকে থেকে জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 01:50 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগর ও প্রতিটি উপজেলায় তাদের এই কর্মসূচি চলবে।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ছাত্রদল কর্মী নিহতের প্রতিবাদে বিভাগের আট জেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা এমনিতেই বিএনপির হরতাল চলছে।

নতুন করে একই কর্মসূচি দেওয়ায় রাজশাহী জেলায় হরতালের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ল।

সোমবার ভোরের দিকে ঢাকার গুলশানে একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা নাদিম মোস্তফাকে আটক করে নিয়ে যায় র‌্যাব।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে টহল ট্রাকে বোমা মেরে পুলিশ হত্যার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি নাদিম। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি বাইরে ছিলেন।

তবে তাকে আটকের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কারণ র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।

নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা সকালে রাজশাহী আদালত চত্বরে এবং জেলা মহিলা দলের কর্মীরা নগরীর ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ করেন।

পুরনো খবর:

বিএনপি নেতা নাদিম মোস্তফা আটক