২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুন্নত রাখতে হবে নিজস্ব কৃষ্টি: রাষ্ট্রপতি

বিশ্বায়নে যুক্ত থেকেও নিজস্ব কৃষ্টি আর গৌরবকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 07:16 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

রাবির সমাবর্তনে ভুলে ভরা সনদপত্র

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনে তিনি বলেন, “শিক্ষার সাথে গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। কারণ, গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা সমাজের বিদ্যমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশ্বের অন্যান্য দেশের গবেষণা সম্পর্কে জানার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশের বাস্তবতার নিরিখে কর্মপন্থা ঠিক করতে হবে। বিশ্বায়নের সঙ্গে যুক্ত থেকেও সমুন্নত রাখতে হবে নিজস্ব কৃষ্টি আর গৌরবকে।”

শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বুদ্ধিবৃত্তির উন্নয়ন, অসাম্প্রতদায়িক জীবনবোধ,  সর্বোপরি গভীর দেশপ্রেম জাগ্রত করার একমাত্র উপায় মানসম্মত শিক্ষা, বলেন তিনি।

এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ড ও চিন্তার স্বাধীনতা বিকাশে অবদান রাখার আহ্বান জানান।

সমাবর্তনে গ্র্যাজুয়েটদের উদ্দেশে আচার্য বলেন, “আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে। সে দায়িত্ব নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি।

“তোমাদের এ পর্যায়ে আসতে সমাজের মেহনতি মানুষের অবদান রয়েছে। তাদের কাছে তোমরা ঋণী।”

সাফল্যের শিখরে পৌঁছতে অধ্যবসায়, পরিশ্রম, সততা ও নিষ্ঠাসহ কাজের প্রতি ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেন তিনি গ্র্যাজুয়েটদের।

উচ্চশিক্ষার মান নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সমাবর্তন বক্তা দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অন্য সবকিছুর চেয়ে শিক্ষার্থীরাই প্রধান। বড় বড় দালান-কোঠার চেয়ে শিক্ষার্থীদের উৎকর্ষতার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়গুলো পরিচিত হয়।

তাই যে পরিবেশে শিক্ষার্থীরা গ্রঅজুয়েট হয়েছেন পেশাগত একাগ্রতা, দক্ষতা ও ব্যক্তিগত শক্তিমত্তার মাধ্যমে তার সীমা অতিক্রম করার আহ্বান জানান তিনি।

প্রত্যেকের মধ্যে নিহিত সুপ্ত সম্ভাবনা অনুধাবনের চেষ্টা করারও পরামর্শ দেন তিনি।

এছাড়া নিজেদের, পিতামাতা, প্রতিষ্ঠান ও বৃহত্তর সমাজের প্রতি গ্র্যাজুয়েটদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক তালাত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষক হত্যার মতো যে ন্যক্কারজনক ঘটনা এ বিশ্ববিদ্যালয় পরিবারকে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করেছে তার যৌক্তিক নিরসন প্রয়োজন।

সমাজের সর্বস্তরের মতো বিশ্ববিদ্যালয়েও ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

দুপুর ২টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

এবারের সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ও ইনস্টিটিউশন থেকে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী চার হাজার ৭৭১ জন গ্র্যাজুয়েট,  ৮০০ শিক্ষক এবং প্রায় ৫০০ অতিথি অংশগ্রহণ করেন।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কথা তুলে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন।