২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সমাবর্তনে ভুলে ভরা সনদপত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের ভুলে ভরা সনদপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

সমাবর্তন বক্তা ছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ।

তবে সনদপত্র হাতে পাওয়ার পর বিভিন্ন অনুষদের অনেক শিক্ষার্থী সনদপত্রে নিজেদের নাম ও সিজিপিএ ঠিক নেই বলে অভিযোগ করেন।

বিশেষ করে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের বেশিরভাগের সনদপত্রে ভুল দেখা গেছে। ভুল ধরা পড়ায় কর্তৃপক্ষ সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য ফেরতও নিয়েছে।

এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলের কারণে সনদপত্র নিতে না পারায় সাবেক শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সনদপত্র সরবরাহ করা হলেও, ভুল ধরা পড়ার কারণে তা ফেরত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সনদপত্র ছাড়াই আমাদের ফিরতে হচ্ছে।"

একই ধরনের বক্তব্যে ক্ষোভের কথা জানিয়েছেন সমাবর্তনে অংশ নেওয়া আরও অনেকেই।

সনদপত্রে ভুলের বিষয়টি স্বীকার করেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনদপত্রে অনাকাঙ্খিতভাবে প্রচুর ভুল হয়েছে। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"