নাশকতা রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় সোচ্চার হোন: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে অবরোধ-হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি বলেন, “এই ধরনের মানুষ খুন, বোমা মারা, ধ্বংসাত্মক কাজ করা, গাড়ি পোড়ানো- এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আর এই ধরনের সন্ত্রাসীদের যেখানে পাওয়া যায় ধরতে হবে।”
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে গত ১৩ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে প্রতিদিনই গাড়ি পোড়ানো ও বোমাবাজি চলছে। এ পর্যন্ত অন্তত ১৫ জন নাশকতার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ।
জাতিসংঘের পক্ষ থেকেও এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব দলের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যখন দেশের উন্নয়নের জন্য কাজ করছে, তখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
“এভাবে চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস হতে দেখতে পারি না”, বলেন তিনি।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্য কি কি করেছি সেটা আর বললাম না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য আরো কত কি করতে পারি সেটাই কথা।
“তবে এখানে আরেকটা বিষয় আছে। সব মুক্তিযোদ্ধা কিন্তু আদর্শ ধরে রাখতে পারে নাই- এটাও মাথায় রাখতে হবে। অনেকেই তো ওই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে, রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছে।”
যারা দেশের ‘সত্যিকার স্বাধীনতায়’ বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে- এই নীতিতে যারা বিশ্বাস করেন, তাদের সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘যে কোনো পরিবেশ’ মোকাবিলা করে এগিয়ে যেতে পারবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বিএনপির এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজ আমরা সব দিক থেকে যখন উন্নয়নের পথে, ঠিক তখন কীসের এই আন্দোলন। আন্দোলনের নামে মানুষ হত্যা, অত্যাচার-জুলুম, কেন? ইস্যুটা কী?”
অতীতে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের ইতিহাস মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে আসবে কে? হয় ২০০৮ সালের মত ওই রকম ইমার্জেন্সি। অথবা মার্শাল ল’। আমি জানি না তারা এইগুলি আনতে চায় কি না? কিন্তু এখনকার বিশ্বে কিন্তু এগুলো গ্রহণযোগ্য না।”
দেশে ‘জনবিচ্ছিন্ন’ কিছু মানুষের ‘ওই রকম’ ইচ্ছে আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“আমাদের দেশে কিছু লোক আছে। দল করতে যেয়ে দল করতে পারে না, ব্যর্থ হয়। জনগণের কাছে গেলে দাঁড়াতে পারে না, জনগণের কাজ করতে পারে না। বিদেশি লোকদের সাথেই দহরম-মহরম করে, মনে করে অন্যদের দিয়েই ক্ষমতায় আসবে।
“এই যে একটা শ্রেণি, যাদের সংগঠন করার কোনো ক্ষমতা নাই, জনসমর্থন আদায় করার শক্তি নাই; যারা জনগণের কল্যাণের কথাও চিন্তা করে না, কিন্তু মন্ত্রী হওয়ার কথা চিন্তা করে, ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করে। ওই ধরনের অসাংবিধানিক সরকার বা ইমার্জেন্সি সরকার আসলে তাদের লাভ হয়, কারণ তারা একটু মন্ত্রী হতে পারে, পতাকা হতে পারে।”
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের নামে বিএনপির ভুয়া বিবৃতি গণমাধ্যমে পাঠানো এবং বিজেপি প্রধান অমিত শাহ’র সঙ্গে টেলিফোন বিতর্কের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশিনির্ভর হয়ে’ ক্ষমতায় যাওয়ার ‘এই চেষ্টা দুর্ভাগ্যজনক’।
“আজকে দেখেন দেশের ভাবমূর্তির কি অবস্থা। দেশে মিথ্যাচার করতো সেটা একটা কথা। আজকে বিদেশিরাও পার পাচ্ছে না। গোটা বাংলাদেশের মানুষের লজ্জা। আমি জানি না, যদি মনে করে থাকে ভারত এদের ক্ষমতায় বসাবে, কংগ্রেসম্যানরা এদের ক্ষমতায় বসাবে অথবা আমাদের সরকারকে উৎখাত করিয়ে দেবে- এভাবে চিন্তা-ভাবনা যদি থাকে সেটা খুব দুর্ভাগ্যের।”
গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাণ্ডবের ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সে অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একবছরে দেশ অর্থনৈতিক অগ্রগতির পথে গেলেও বিএনপি-জামায়াত ‘সংসদ বা রাষ্ট্র ক্ষমতার’ কোথাও না থাকার ‘হাহাকারের আগুনে’ এদেশের ‘মানুষকে জ্বালিয়ে দিচ্ছে’।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে ‘এটা দেখেই’ বিএনপি নেত্রীর এই আন্দোলন। ‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোও’ তাদের লক্ষ্য।
“কিন্তু এই বিচার কেন হবে না? দ্বিতীয় বিশ্ব যুদ্ধের যারা যুদ্ধাপরাধী- তাদের বিচার তো এখনো চলছে। পৃথিবীর যেখানে যেখানে মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেখানে বিচার হয়েছে। আমাদের এখানেও বিচার হতে হবে। না হলে আমরা কলঙ্কমুক্ত হব না।”
বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, স্বাধীনতায়ও বিশ্বাস করে না। এদের অন্তরে এখনো পাকিস্তানের প্রভুত্ব রয়ে গেছে। এরাই দেশটাকে পিছিয়ে দিয়ে গেছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।”
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, তার সরকার সে লক্ষ্য নিয়েই কাজ করছে।
এ ক্ষেতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের আগামী প্রজন্ম যেন গড়ে ওঠে, মুক্তিযুদ্ধের ইতিহাস যেন আমাদের মানুষ জানতে পারে।”
আর সারাদেশে একাত্তরের বধ্যভূমি ও গণহত্যার স্থানগুলো সংরক্ষণ করাও এ মন্ত্রণালয়ের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
