সীমান্তে রুপিসহ ভারতীয় যুবক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রুপিসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে উপজেলার কুটিচন্দ্রখানা সীমান্তের ৯৪১ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার ফিরোজ জানান, আটক আলতাফ হোসেন (২২) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার দুকাভুলা কুটি গ্রামের জাবেদ আলীর ছেলে।
ফিরোজ বলেন, তল্লাশি চালিয়ে আলতাফের কাছ থেকে ৩৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
