নীলফামারীতে বাসচাপায় আ.লীগ নেতার মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত আশরাফুল ইসলাম (৩৫) রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে সৈয়দপুর বাস টার্মিনাল সড়ক থেকে একটি চলন্ত বাসে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন আশরাফুল। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের লাশ শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
