২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সহিংসতা, ৬ জেলায় আটক শতাধিক

অবরোধে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শতাধিক বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর

জয়পুরহাট

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহষ্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাক এবং এক প্রাইভেট কার ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বিকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া

শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটলে পুলিশ ধাওয়া দিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক।

নবাবগঞ্জ (ঢাকা)

বৃহস্পতিবার ভোরে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের  সামনে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে একদল দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

হবিগঞ্জ

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার মধ্যরাতে দুটি গাড়ি ভাংচুর করেছে শিবির ও ছাত্রদল কর্মীরা।  

এ ঘটনায় শুক্রবার সকালে ঘটনাস্থল এবং এর আশপাশ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জেলায় দিনভর পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নীলফামারী

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে সৈয়দপুর পৌরসভা জামায়াতের আমির মোস্তাকিম ও সেক্রেটারি সরফ উদ্দিনসহ ১৯ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, আটকরা সকলে উপজেলার ধলাগাছ গ্রামের জামায়াত সমর্থক আব্দুল কাদিরের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এ সময় বিপুল সংখ্য জিহাদী বই উদ্ধার এবং সাতটি মটরসাইকেল জব্দ করা হয়।

গাইবান্ধা

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অবরোধ চলাকালে জেলায় নাশকতার অভিযোগে শুক্রবার সকালে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।