বাড্ডায় দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
ঢাকার মেরুল বাড্ডা এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাআরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস মৌ (২২) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। ঢাকায় তিনি থাকতেন মেরুল এলাকার একটি ছাত্রী হোস্টেলে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, রাত ৮টার দিকে উত্তর বাড্ডা থেকে রিকশায় মেরুলে ফিরছিলেন মৌ। পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মৌ মারা গেছেন।
ওসি জানান, তারা কভার্ড ভ্যানটি আটক করেছেন। তবে চালক আগেই পালিয়ে গেছে।
নিহত মৌ এর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
