২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

চলমান রাজনৈতিক অস্থিরতায় নাশকতার মধ্যে পুলিশের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

পুলিশ প্রধান, র‌্যাব প্রধান ও ডিএমপি প্রধানের দায়িত্বে নতুন কর্মকর্তারা আসার দুই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোট ১৯টি পদে রদবদলের এই প্রজ্ঞাপন জারি হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত মহাপরিদর্শক, ছয়জন উপমহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন। বাকিরা  পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

রদবদলে সিআইডি প্রধানের দায়িত্বে এসেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন।

তিনি মোখলেছুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। সিআইডি প্রধানের পদ থেকে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) পদে বদলি করা হয়েছিল মোখলেছুরকে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ট্রেনিং রিজার্ভ) পদে বদলি করা হয়েছে।

অবরোধ-হরতালে নাশকতার শিকার রেলওয়ে ও মহাসড়ক সংশ্লিষ্ট পুলিশের গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন কর্মকর্তা এসেছেন। 

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রুহুল আমিনকে ডিআইজির চলতি দায়িত্ব দিয়ে রেলওয়ের ঢাকা রেঞ্জের প্রধান করা হয়েছে। সম্প্রতি জাতিংঘ মিশন থেকে ফিরেছেন তিনি।

রেলওয়ে রেঞ্জের ডিআইজির চলতি দায়িত্বে থাকা ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশ প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এসএম কামাল হোসেনকে সিআইডিতে পাঠানো হয়েছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।

ঢাকার অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) মোহাম্মদ আলী মিয়াকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং

হরতাল-অবরোধে তুলনামূলক বেশি অস্থিতিশীল রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে।  

বদলি হওয়া পুলিশ সুপাররা

রেঞ্চ রিজার্ভ ফোর্স(আরআরএফ) চট্রগ্রামের পুলিশ সুপার (চলতি দায়িত্বে) মো. ইকবাল হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে।

রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমান্ড্যান্ট আনোয়ার কামাল এবং ঢাকার আরআরএফের কমান্ড্যান্ট মো. শাহরিয়ারকে ঢাকার নৌ পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

খুলনার তৃতীয় এপিবিএনের অধিনায়ক মোস্তফা কামাল, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার করা হয়েছে।

সদ্য জাতিসংঘ মিশন থেকে আসা ‍সরদার রকিবুল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদেরকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।

শিল্প পুলিশের পরিচালক পদে বদলির আদেশপ্রাপ্ত মো. সাজ্জাদুর রহমানকে রংপুরের পিটিসির পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি (এসপি পদমর্যাদা) সাঈদ তারিকুল হাসানকে রাঙামাটির পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট সরদার নুরুল আমিনকে ঢাকার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

 

পুরনো খবর:

শহীদুল আইজিপি, বেনজীর র‌্যাবে