শিবিরের বোমা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ওসি
সিলেটে হরতালের মধ্যে ঝটিকা মিছিল থেকে কোতোয়ালি থানার ওসির গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে শিবিরকর্মীরা। তবে বোমাটি গাড়িতে না পড়ায় অল্পের জন্য বেঁচে গেছেন ওসি মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নিরাপত্তা পরিস্থিতি দেখতে কুমাড়পাড়া এলাকায় গিয়ে তিনি হামলার মুখে পড়েন।
আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরের একটি মিছিল কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এলে পুলিশ তাদের ধাওয়া করে।
“এ সময় আমার গাড়ি মিছিলের সামনে পড়ে যায়। মিছিল থেকে তারা আমার গাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
বোমাটি গাড়িতে না পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওসি।
এদিকে সকাল পৌনে ৯টার দিকে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল থেকেও কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে অতিরবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালে বড় কোনো গোলযোগের খবর তারা পাননি।
হরতালে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও নগরীতে রিকশা ও অটোরিকশা চলছে। সিলেট স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
