২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পেট্রোল বোমায় ট্রাক চালক দগ্ধ

গাজীপুরে অবরোধকারীদের পেট্রোল বোমায় এক ট্রাক চারক দগ্ধ হয়েছেন। এছাড়া নাটোরে একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করেছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার রাতে গাজীপুরের ভোগড়া মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাক চালক মিস্টি মিয়া (৪৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে।

বুধবার বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সেতুর কাছে নাটোর-ঢাকা মহাসড়কে ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

মিস্টার মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভোগড়া মোগরখাল এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।

স্থানীয়রা চালক মিস্টি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ট্রাকের আগুন নেভায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে মিস্টি মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোল বোমার আগুনে তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর সেতুর বুধবার ভোর ৬টার দিকে একটি ছোট ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।

আগুনে ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ঝলমলিয়া মহাসড়ক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, ভোর ৬টার দিকে হলুদ রংয়ের একটি ছোট খালি ট্রাক আহম্মদপুর সেতুর কাছে এলে সাত-আটজন লোক ট্রাকটি থামায়।

এরপর তারা চালক, তার সহকারী ও এক নারী আরোহীকে নামিয়ে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয়।

খবর পেয়ে মহাসড়ক পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে বলে জানান এসআই সামিউল।