২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে মাদক, বোমা ও আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার রাতে শহরের জেলরোড এলাকা থেকে সরওয়ার হোসেন রতনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে শহরের জেলরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি একনলা বন্দুক, একটি দেশি শুটার গান, বন্দুকের কার্তুজ ১০টি, পাঁচটি হাতবোমা, ১১ বোতল ফেনসিডিল এবং বেশ কয়েক রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেজর মহিউদ্দিন বলেন, রতনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অভিযোগে ফেনী মডেল থানায় সাতটি মামলা রয়েছে।

অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন তিনটি মামলার করে তাকে ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব ২০১৪ এর এপ্রিলেও তাকে অস্ত্র ও মাদকসহ আটক করেছিল বলে জানান বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মহিউদ্দিন।