স্ত্রীকে জবাই করে হত্যা
চট্টগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার ওসমানী পুলের সেলিম কলোনিতে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বিবি সাথিয়া (৩০) স্বামী মো. হানিফের সঙ্গে ওই এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, সকালে হানিফ গলাকাটা অবস্থায় সাথিয়াকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা দেখে সাথিয়াকে মৃত ঘোষণা করেন।
শীলব্রত বলেন, “হানিফ হাসপাতালে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকলে পুলিশ তাকে আটক করে চান্দগাঁও থানায় সোপর্দ করে।”
চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফ রিকশা চালক ও সাথিয়া আগে পোশাক কারখানায় কাজ করতেন।
“সকালে পারিবারিক কলহের জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাথিয়ার গলায় ছুরি চালায় হানিফ।”
