২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানেশে শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বন্ধ

এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খোলার দিন প্রশাসনিক কাজে বাধা দেওয়া ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এর প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতি সোমবার থেকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনার বিচার চেয়ে সোমবার উপাচার্যকে স্মারকলিপিও দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক সংবাদ সম্মেলনে একথা জানায়।

লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহবায়ক অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, গত রোববার (১১ জানুয়ারি) হল সমূহ খুলে দিয়ে তল্লাশির মধ্য দিয়ে শিক্ষার্থীদের হলে তুলে দেওয়ার সময় পিএইচডি ছাত্র ডা. ইফতেখারুল ইসলাম রিয়েল-এর নেতৃত্বে হাবিব, শাওন, মিল্টন, রানা, বহিষ্কৃত ছাত্র বর্তমানে বহিরাগত অরুণ কান্তি রায়, জাহিদ হাসান, অনিন্দ্য দত্ত অন্তুসহ কতিপয় ছাত্র প্রশাসনিক কাজে বাধা দেয় এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করে।

এক পর্যায়ে তারা শিক্ষকদের হল থেকে বের করে দেয় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ওই সময় সেখানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের উপস্থিতিতেই তারা শিক্ষকদের লাঞ্ছিত করে এবং চেয়ার-টেবিল ছুড়ে ফেলে।

“এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন,” বলেন অধ্যাপক মিজান।

উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দায়ী ছাত্রদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া না হবে ততক্ষণ শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সচিব অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম, সদস্য ড. বলরাম রায়, অধ্যাপক ডা. ফজুলর  রহমান, অধ্যাপক আনিস হোসেন খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়। ১২ জানুয়ারি ছিল খোলার দিন। এর একদিন আগে (১১ জানুয়ারি) হলগুলো খুলে দেওয়া হয়।