ট্রাকে আগুন: ঝালকাঠীতে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
ঝালকাঠী সদর থানার সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার মামলায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের জেলা আহ্বায়কসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা জানান, মঙ্গলবার ভোরের দিকে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ঝালকাঠী জেলা ছাত্রদল আহ্বায়ক সরদার সাফায়েত, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা ভূঁইয়া ও কর্মী নাজমুল হোসেন নবীন।
ওসি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার সামনে থামিয়ে রাখা একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
এ ঘটনায় পুলিশ রাতেই একটি মামলা দায়ের করে। সেই মামলাতেই ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
