৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চালু
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সাত ঘণ্টা বন্ধ থাকার পর সকালে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান।
এর আগে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ পদ্মায় সাতটি ফেরি আটকা পড়ে বলে কর্মকর্তারা জানান।
শেখর চন্দ্র রায় বলেন, রাতে ঘন কুয়াশায় পদ্মায় কাছের বস্তুও দেখা যাচ্ছিল না।
“নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।”
এতে রাতে সাত ফেরির হাজারেরও বেশি যাত্রী শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন বলে জানান তিনি।
পদ্মায় আটকে পড়া বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরান, কলমীলতা, রায়পুরা, রাণীক্ষেত ও টাপলুর সকালে নিজ নিজ গন্তব্যে যায় বলে ঘাট কর্মকর্তারা জানিয়েছেন।
