২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কারফিউয়ের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধন নিয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর জেলায় কারফিউ জারির প্রতিবাদে জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 01:31 AM

Updated : 22 Aug 2022, 11:28 AM

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

সংগঠনের নেতা সুলভ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রশাসন পাহাড়িদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির ডাকা অসহযোগ আন্দোলনকে শক্তিশালী করতে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়া হবে।

সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের আপত্তির মুখে শনিবারি রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়।

এঘটনাকে কেন্দ্র করে ওই দিন স্থানীয় ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের পর সহিংসতার আশঙ্কায় রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই নিষেধাজ্ঞার মধ্যেই রোববার বিকালে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জারি করা হয় কারফিউ।

শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়, যার একটি রাঙামাটিতে।

এবিষয়ে জন সংহতি সমিতির নেতা ও মাওরুম পত্রিকার সম্পাদক দীপায়ন খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী, তিন পার্বত্য জেলায় সরকারি উদ্যোগে কোনো কাজ করতে হলে আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে।

“আমি যতদুর শুনেছি, এক্ষেত্রে আঞ্চলিক পরিষদের সঙ্গে সরকারের কোনো আলোচনা বা পরামর্শ হয়নি, যে কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।”

জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা রাঙামাটি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।