২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট দালালের হামলায় আহত ৩ সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়া শহরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলালদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার এ হামলার সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও ক্যামেরা ছিনতাই করা হয় বলে অভিযোগ করেন তারা।

আহতরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি জাবেদ রহিম বিজন, দেশ টিভির প্রতিনিধি মাসুক হৃদয় ও দৈনিক সরোদ এর স্টাফ রিপোর্টার শফিকুল আলম স্বপন।

তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সংবাদকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের সার্ভার বিকল হয়ে রয়েছে। এ খবর সংগ্রহ করতে পাসপোর্ট অফিসে যান তারা তিন জন।

এ সময় পাসপোর্ট অফিসের দালালরা তাদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেয় এবং এক পর্যায়ে তিন সংবাদ কর্মীর উপর অতর্কিত হামলা চালায়।

তারা সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।

পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, তিন সাংবাদিক আহত হওয়ার বিষয়টি তারা শুনেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।