চট্টগ্রামে ট্রাকে আগুন
চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি কাগজবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে ওই ট্রাকে আগুন লাগার পর তা চালিয়ে নাসিরাবাদ সরকারি স্কুলের সামনে চলে যায় চালক।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকে লাগা আগুন দমকল বাহিনীর কর্মীরা নিভিয়ে ফেলেছে।
“আগুনে কেউ আহত হয়নি। কাউকে আটক করা যায়নি। মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে চলন্ত ট্রাকে আগুন দেয় বলে চালক জানিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার তিন পোলের মাথা এলাকায় দুর্বত্তরা তিনটি হাত বোমা বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কক্সবাজার রুটের একটি বাসে এবং রোববার রাতে বাকলিয়া থানার তুলাতলি এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
