ফাঁসিমঞ্চে ফুল দিয়ে মাস্টারদাকে শ্রদ্ধা
চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮১তম ফাঁসি দিবসে তাকে স্মরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে মাস্টারদার ফাঁসিমঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের পক্ষে জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া ও জেলার মাহবুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা একে একে পুস্পস্তবক অর্পণ করেন। পরে মাস্টারদার ফাঁসিমঞ্চে কয়েদীরাও শ্রদ্ধা জানান।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারি কারাপরিদর্শকরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, মাস্টারদার ত্যাগ ভোলার নয়। ব্রিটিশবিরোধী আন্দোলন ও ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মাস্টারদা সূর্য সেন ও তার সহযোগীদের আত্নত্যাগ আমাদের প্রেরণা যুগিয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১ সালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণের সময় নতুন ফাঁসির মঞ্চ তৈরি করে মাস্টারদার ফাঁসিমঞ্চকে আলাদা করে সংরক্ষণ করা হয় এবং ২০১২ সাল থেকে আমরা প্রতিবছর এই ফাঁসিমঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে থাকি।”
১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় ব্রিটিশবিরোধী অন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনকে।
১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্ম হয় সূর্য সেনের। ১৯৩০ সালের ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাদের সঙ্গে মাস্টার দার নেতৃত্বে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় যুব সেনারা।
এদিকে মাস্টারদার ফাঁসি দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
