বাংলাদেশে হবে বিশ্বের ‘পঞ্চম বৃহত্তম’ তথ্যকেন্দ্র
তথ্য আদান-প্রদানে সরকার দেশে সর্বশেষ প্রযুক্তির একটি জাতীয় তথ্যকেন্দ্র (ন্যাশনাল ডেটা সেন্টার) নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাওয়ার ১ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি জানান, তথ্য বিনিময়ে ক্লাউড কম্পিউটিং ও জি-ক্লাউড প্রযুক্তির এই ডেটা সেন্টার হবে বিশ্বের ‘পঞ্চম বৃহত্তম’।
দেশে তথ্যপ্রযুক্তির বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়ে জাতীয় তথ্য কেন্দ্র স্থাপনের কথা জানান প্রতিমন্ত্রী।
“টায়ার ফোর সার্টিফায়েড এ সেন্টার নির্মাণের জন্য ইতোমধ্যে চীন সরকারের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের মধ্যেই এর অবকাঠামো নির্মাণে কাজ শুরু হবে।”
তবে এই ডেটা সেন্টার থেকে কী কী সুবিধা জনগণ পাবে- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
“পরিকল্পনা অনুসারে এই ডেটা সেন্টারটি স্থাপনে প্রয়োজন হবে ২০ একর জমি। এটি কালিয়াকৈরে নির্মাণঅধীন হাইটেক পার্কের মধ্যেও হতে পারে।”
“গত সপ্তাহে আমরা একটি চুক্তি করেছি। আশা করি, ২০১৭ সালের মধ্যে আমাদের কৃত্রিম উপগ্রহ আমরা মহাকাশে পাঠাতে পারব।”
১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য এই অরবিটাল স্লট ইজারার চুক্তি হয়েছে রাশিয়ার ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের সঙ্গে। এতে ব্যয় হবে ২৮ মিলিয়ন ডলার (প্রায় ২১৮.৯৬ কোটি টাকা)।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘বঙ্গবন্ধু’ উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেয়।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক হিসাবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে।
জনগণকে নাগরিক সেবা সম্পর্কিত তথ্য জানাতে একটি ‘ন্যাশনাল কল সেন্টার’ তৈরি হচ্ছে বলেও প্রতিমন্ত্রী জানান।
সেইসঙ্গে তথ্যপ্রযুক্তির উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে কোরিয়ার সঙ্গে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।”
দেশের ‘সাইবার স্পেসকে’ নিরাপদ করতে যুগোপযোগী ‘সাইবার সিকিউরিটি আইন’ প্রণয়নেও কাজ শুরু করার কথা জানান প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, পূর্ণাঙ্গ ‘সাইবার সিকিউরিটি এজেন্সি’, ‘বিগ-ডেটা অ্যানালিটিকস ল্যাব’ এবং সারাদেশে আরো দশটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
