চিকিৎসক বাবা-ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীর ক্ষতিপূরণ মামলা
ভুল চিকিৎসার অভিযোগে চট্টগ্রামে চিকিৎসক বাবা ও ছেলের বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন এক ব্যবসায়ী।
নগরীর হাজারিগলির ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান আজমির মেডিকেলের মালিক শফিউল আজম সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অর্থপেডিক সার্জন বিধান চন্দ্র রায় ও তার ছেলে মেডিসিনের চিকিৎসক বিনিময় বরণ রায়।
বাদীর আইনজীবী এনামুল হক জানান, আদালত মামলা আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী শফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের শুরুর দিকে সিঁড়ি দিয়ে নামার সময় তার বাঁ পা মচকে যায়।
“ডা. বিধান রায়ের কাছে গেলে তিনি প্রথমে ব্যথানাশক ওষুধ দেন। এতে ব্যথা না কমায় দুটি ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৩ সালের ৫ এপ্রিল প্রথম এবং ১৪ মে দ্বিতীয় ইনজেকশনটি মাংসপেশীতে দেওয়া হয়।”
এরপর বাঁ পায়ের গোড়ালির মাংসপেশীতে পচন শুরু হয় বলে শফিউল আজমের দাবি।
গতবছরের ২৬ জুলাই বিধান চন্দ্র রায় ও তার ছেলে বিনিময় বরণ রায় নগরীর হলি হেলথ নামের বেসরকারি ক্লিনিকে শফিউল আজমের পায়ে অস্ত্রোপচারও করেন।
“কিন্তু তারপরও পায়ের কোনো উন্নতি না হওয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে অধ্যাপক মনোয়ার হোসেনের চিকিৎসায় পা কেটে ফেলা থেকে রক্ষা পাই।”
পা কাটতে না হলেও এখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না এই ব্যবসায়ী। ‘ভুল চিকিৎসা’ দিয়ে ঝুঁকির মুখে ফেলার কারণে তিনি মামলায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানান।
