দুই পুলিশ নিহত: দায়ী ট্রাক চালক গ্রেপ্তার
রাজধানীর ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় দুই পুলিশ নিহত হওয়ার ঘটনায় দায়ী ট্রাক চালককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি তিন জনের সহায়তায় একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার গভীর রাতে শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে আটক ওই চালকের নাম হাসিবুর রহমান শেখ হাসিব (২৮)।
মতিঝিল থানার এসআই মো. সালাউদ্দিন জানান, হাসিবকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।
হাসিবকে পালাতে সহযোগিতা করার অভিযোগে ওই ঘাট থেকে তার তিন সঙ্গীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি আব্দুস ছাত্তার মিয়া।
এরা হলেন- আব্দুর রহিম সরদার (৩৪), বাদল বেপারী (৩৬) ও শাহিন মৃধা (৩২)।
শিবচরের ওসি বলেন, রোববার ফকিরাপুলে ওই ট্রাক হাসিবই চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি নিজেও বাঁ পায়ে আঘাত পান। ওই অবস্থায় তিনি পালিয়ে এক অটোরিকশা চালকের সহায়তায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন।
“বাগেরহাট জেলার মোল্লার হাটে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাতেই ফেরিতে করে কাওড়াকান্দি পৌঁছান হাসিব। সেখানে মাইক্রোবাসসহ হাসিব ও বাকি তিনজনকে আটক করা হয়।”
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে সড়কে দায়িত্ব পালনের জন্য রোববার ভোর ৬টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে নারী পুলিশদের নিয়ে একটি বাস বের হয়। পথে ফকিরাপুল মোড়ে মতিঝিল থেকে কাকরাইলমুখী একটি ট্রাক ওই বাসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে পুলিশ সদস্য আকলিমা বেগম (২৪) ও মামনি খাতুন (২২) নিহত হন; আহত হন আরো ২৬ জন।
এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেছেন।
