ঢাকায় দুর্ঘটনায় ৩ নারী পুলিশসহ পাঁচজন নিহত
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে সড়ক দুর্ঘটনায় ঢাকায় তিন নারী পুলিশ সদস্যসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
অবরোধের ষষ্ঠ দিন রোববার বিকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেগরিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পুলিশ কনস্টেবলসহ তিন জন নিহত হয়।
এর আগে ভোরে রাজধানীর ফকিরাপুলে পুলিশ বহনকারী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী পুলিশ নিহত হন। আহত হন পুলিশের আরও ২৭ নারী সদস্য।
নিহতরা হলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কনস্টেবল সেলিনা আক্তার (২৫) এবং রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত আকলিমা বেগম (২৪) ও মামনি খাতুন (২২)। আকলিমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ আর মামনির বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে।
এছাড়া সিএনজিচালিত অটোরিকশা চালক (৩৫) ও আরেক যুবকের (৩০) পরিচয় জানা যায়নি।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞাত দুই ব্যক্তির সঙ্গে সেলিনা অটোরিকশায় করে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন।
“বিকাল সাড়ে ৩টার দিকে তেগরিয়া এলাকার আবাসিক ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিনা ও অটোরিকশা চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।”
এছাড়া আহত অজ্ঞাত অপর ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
মতিঝিল থানার এসআই স্বপন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য ভোর ৬টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে নারী পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস বের হয়। বাসটি ফকিরাপুল মোড়ে গেলে মতিঝিল থেকে কাকরাইলমুখী একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মামনির মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু দাস জানান।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (কল্যাণ) সৈয়দ মামুন মোস্তফা জানান, ওই বাসে আরও ২৭ জন নারী পুলিশ সদস্য ছিলেন, যাদের তাদের সবাই কমবেশি আহত হয়েছেন।
তাদের মধ্যে ফরিদা, লিলি, জেসমিন, সীমা, আলফা, শাহনাজ, লিজা, সোহাগা ও সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৮ জনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফরিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাসটি ফকিরাপুল মোড়ে যাওয়ামাত্র নাইটিঙ্গেলের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়।
নিহত আকলিমা ও মামনি বাসের পেছনের দিকে ছিলেন বলে জানান তিনি।
এদিকে ঘটনার পরপরই নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঢাকা মেডিকেলে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসা ও নিহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে পুলিশ প্রধান শহীদুল হক জানিয়েছেন।
